রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রদর্শিত হয়েছে ড্রোন শো। বাংলা নববর্ষ ১৪৩২-এর প্রথম দিন সন্ধ্যার পর ঢাকার আকাশ হয়ে ওঠে ঝলমলে। এই শো উপভোগ করেন হাজার হাজার দর্শক।
ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় সোমবার ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় এ ড্রোন শো শুরু হয়।
এখানে প্রদর্শিত হয় আবু সাঈদ, মুগ্ধ, ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম এবং ফিলিস্তিনের জন্য প্রার্থনা। বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছাবার্তা।
এছাড়া, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণঅভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও প্রতীকীভাবে শোতে স্থান পায়।
ড্রোন শোর আগে বিকেলে বৈশাখী কনসার্ট চলে। বান্দরবানের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দল বেসিক গিটার লার্নিং স্কুলের খুদে শিল্পীদের পরিবেশনার মাধ্যমে আয়োজনটি শুরু হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিসহ সরকারি ও বেসরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।