সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ভোট ব্যবস্থা শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট কিংবা দুর্বল সরকার গঠনের সুযোগ সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের ব্যবস্থা দেশে স্থায়ী অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “পিআর পদ্ধতি মূলত তাদের জন্য লাভজনক, যারা কম জনপ্রিয়। এর একটি উদ্দেশ্য হলো বেশি আসন পাওয়া, আরেকটি হলো—দেশে অস্থিরতা সৃষ্টি করে যেন সংখ্যাগরিষ্ঠ কোনো দল এককভাবে ক্ষমতায় না আসতে পারে।”
তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে, জনপ্রতিনিধি নির্বাচন হবে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। জামায়াতের উদ্দেশে তিনি বলেন, “তাদের উচিত সংবিধান খোলা ও ভালোভাবে পড়া।”
বিএনপির এই নেতা জোর দিয়ে বলেন, “কোনো রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক কিংবা অবৈধ দাবির কাছে নতি স্বীকার করে জাতিকে বিপদের মুখে ঠেলে দেওয়া যাবে না। বর্তমান সরকার সাংবিধানিক ধারাবাহিকতার ভিত্তিতেই ক্ষমতায় রয়েছে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত।”