সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন।
ফুজাইরাহ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার আল-রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
ফুজাইরা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি ড্রোন (ইউএভি) আটকে দেয়। এরপর সেটির ধ্বংসাবশেষ আল-রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
এদিকে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এ ঘটনায় এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন।
ওই বাংলাদেশির নাম পরিচয় এখনও জানায়নি আমিরাত।
উদ্ধারকারী দল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
এদিকে সংবাদটি নিয়ে গুজব বা অসমর্থিত কোনো তথ্য ছড়িয়ে যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা শুধু সরকারি মাধ্যম থেকে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দিয়েছেন।
জনসাধারণকে সরকারের অফিশিয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়মিত আপডেট বা সর্বশেষ তথ্য জানার অনুরোধ করা হয়েছে।
চলমান এই সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর দুইজন সদস্য এবং সশস্ত্র বাহিনীর সাথে চুক্তিবদ্ধ একজন মরক্কো দেশের নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া সাধারণ নাগরিকদের মধ্যে এখন পর্যন্ত পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।