প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন যে সরকার গঠিত হয়েছে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এ কথা জানান। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের এ তথ্য জানান।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল আমার প্রথম সাক্ষাৎ।
তাই এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় ছিল।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচনের পরপরই ১৩ ফেব্রুয়ারি মাননীয় তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একই দিনে তাঁদের মধ্যে টেলিফোনেও কথা হয়।
হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘১৭ ফেব্রুয়ারি, নতুন সরকার শপথ গ্রহণের সময় আমাদের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। সেই বৈঠকে আমাদের স্পিকার প্রধানমন্ত্রী মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।’
প্রণয় ভার্মা বলেন, ‘এসব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে এগিয়ে যাওয়ার এবং বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছি।
পাশাপাশি আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছি।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমি আবারও উল্লেখ করেছি যে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। আমি জানিয়েছি যে, পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যত্মুখী দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরো জোরদার করতে চাই।’