মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য নতুন একটি ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনা তুলে ধরা হয়। খবর সিএনএন।
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আলোচনাটি ফলপ্রসূ ছিল এবং নেতারা পরিকল্পনাটির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছেন।
উইটকফ বলেন, “আমরা বিশ্বাস করি, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েল ও তার প্রতিবেশীদের উদ্বেগ দূর হবে। আমি আত্মবিশ্বাসী, আগামী কয়েক দিনের মধ্যেই অগ্রগতির ঘোষণা দেওয়া যাবে।”
পরিকল্পনার মূল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে:
- গাজায় বন্দি সব জিম্মির তাৎক্ষণিক মুক্তি
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতি
- হামাস ও এর প্রভাবমুক্ত প্রশাসন গঠনের উদ্যোগ
- পর্যায়ক্রমে ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার
আরব নেতাদের পক্ষ থেকে যেসব সুপারিশ এসেছে:
- পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ
- জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখা
- গাজায় যুদ্ধ অবসান
- গাজায় অবাধ ত্রাণ সহায়তার নিশ্চয়তা
বৈঠকে উপস্থিত এক মধ্যপ্রাচ্য কূটনীতিক সিএনএনকে বলেন, “এটি ছিল অসাধারণ ও অত্যন্ত কার্যকর একটি বৈঠক।”
উল্লেখ্য, এর একদিন আগে জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যার আয়োজক ছিল ফ্রান্স ও সৌদি আরব। সেই সম্মেলনের ধারাবাহিকতাতেই ট্রাম্প এই বৈঠক করেন।