ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে শান্তি আলোচনায় কালক্ষেপণের অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, রাশিয়া আগ্রাসন অব্যাহতভাবে চালিয়ে যেতে চায়। খবর এএফপির।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন। এর আগে শুক্রবার ইস্তান্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা তিন বছরের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনায় বসেন। তবে এ আলোচনায় কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি।
জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া আলোচনায় ‘ফাঁপা মাথার’ প্রতিনিধিদের পাঠিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া সময় নিচ্ছে যাতে তারা যুদ্ধ এবং দখলদারিত্ব আরও চালিয়ে যেতে পারে।
ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে দুই ঘণ্টার ফোনালাপ হয়েছে তার। এর আগেও ফোনালাপ করেছিলেন তিনি। তবে এখনো আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। অথচ প্রেসিডেন্ট হওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
পুতিন ট্রাম্পের শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বরং একটি ‘স্মারকলিপি’ তৈরির প্রস্তাব দিয়েছেন যেখানে যুদ্ধ বন্ধের সম্ভাব্য রোডম্যাপ এবং দুই দেশের অবস্থান তুলে ধরা হবে।
রাশিয়ান রাজনৈতিক বিশ্লেষক কনস্তানতিন কালাচেভ বলেন, এ স্মারকলিপির অজুহাতে রাশিয়া সময় নিচ্ছে। যাতে রাশিয়া তাদের আগ্রাসন চালিয়ে যেতে পারবে।
জেলেনস্কি বলেন, পুতিনের প্রস্তাবিত স্মারকলিপি সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না, তবে রাশিয়ার প্রস্তাব খতিয়ে দেখার আগ্রহ রয়েছে তার।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযানের নামে আগ্রাসন শুরু করে। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে, অনেক মানুষকে হত্যা করে। ইউক্রেনও পালটা হামলা চালিয়েছে। সেসব হামলায় রাশিয়ারও অনেক সম্পদ ধ্বংস হয়েছে।