বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। তিনি জানান, নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর অবস্থানও ইতিবাচক।
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘ঠিকানা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। সাক্ষাৎকারটি নেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচন হবেই। তবে মানুষের মধ্যে যে অবিশ্বাস তৈরি হয়েছে, তা দূর করতে সবাইকে কাজ করতে হবে। বিশ্বাস তৈরির জন্য সঠিক পথে এগোতে হবে।”
তিনি জানান, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচন চায়, এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে তার দৃঢ় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তাঁর মতে, অন্যান্য রাজনৈতিক দলগুলোও জানে— নির্বাচন সামনে।
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, “একটি পক্ষ বাংলাদেশকে অস্থিরতার মধ্যে রাখতে চায়। এর ফলে দেশের স্থিতিশীলতা নিয়ে মানুষের আস্থা কমছে। পরিকল্পিতভাবে সহিংসতা, বাড়িঘর ধ্বংস ও কারখানায় অগ্নিসংযোগের ঘটনা অতীতে এতটা মাত্রায় দেখা যায়নি।”
এনসিপি-জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, “পলিটিক্যাল পার্টিগুলোর একটা স্বাভাবিক চরিত্র হলো বার্গেইন করা। এটা অপরাধ নয়, বরং তাদের কৌশল। আলোচনার মাধ্যমে অনেক অগ্রগতি ইতোমধ্যে হয়েছে, এবং আরও আলোচনার সুযোগ রয়েছে।”